বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিয়েছেন, চলমান বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন, সে বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট ঘোষণা দিতে চাননি পর্তুগাল অধিনায়ক। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, অবসরের সিদ্ধান্ত নেবেন সম্পূর্ণ নিজের ইচ্ছায়, অন্য কারও চাপ বা পরামর্শে নয়।
৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ও প্রতিযোগিতামূলক মান ধরে রেখে খেলছেন রোনালদো। যেখানে অনেক ফুটবলার ত্রিশের কোঠা পার হতেই বুটজোড়া তুলে রাখেন, সেখানে এখনও দেশের হয়ে বড় মঞ্চে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ফলে তাকে প্রায়ই শুনতে হয়-এটাই কি তার শেষ টুর্নামেন্ট, কবে অবসর নিচ্ছেন? এ ধরনের প্রশ্নে কিছুটা বিরক্তিও প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।
রোনালদো বলেন, “আমি যখন চাইব, তখনই থামব। সবাই সব সময় একই প্রশ্ন করে—এটাই কি আমার শেষ? ভবিষ্যতে কী হবে, সেটা সময়ই বলে দেবে। এখন আমি নিজের দিকে মনোযোগ টানতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালের ম্যাচে ভালো খেলা এবং পরের রাউন্ডে ওঠা।”
তবে বিশ্বকাপ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তার ভাষায়, “এটাই আমার শেষ বিশ্বকাপ। এই সময়টা আমি উপভোগ করতে চাই। তবে আশা করি আগামীকাল (আজ) আমার শেষ ম্যাচ হবে না।”
আজ শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচের আগে রোনালদো জানিয়েছেন, ফল যাই হোক না কেন, তিনি শান্ত ও তৃপ্ত মন নিয়েই মাঠ ছাড়তে চান।
বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলা এই তারকা বলেন, “মাঠে যা-ই ঘটুক না কেন, ক্রিস্টিয়ানো এখান থেকে শতভাগ নির্মল হৃদয়ে বিদায় নেবে। আবেগ, ভালোবাসা আর সর্বোচ্চ নিবেদন দিয়েই আমি ফুটবল খেলেছি। কোনো অভাব বা প্রয়োজনের জন্য নয়, শুধুই ভালোবাসা থেকে খেলেছি। সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ। জীবন আমাকে প্রত্যাশার চেয়েও অনেক বেশি দিয়েছে।”
বিশ্বকাপ জিততে না পারলেও নিজের ক্যারিয়ারকে অসম্পূর্ণ মনে করেন না রোনালদো। তার মতে, একটি শিরোপা তার অর্জনের মূল্য নির্ধারণ করতে পারে না।
তিনি বলেন, “বিশ্বকাপ জিতলে আমি আরও বড় ক্রিস্টিয়ানো হয়ে যাব না, আবার না জিতলেও ছোট হয়ে যাব না। আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। ঈশ্বর আমার প্রতি অত্যন্ত সদয় হয়েছেন। আমি যা কখনো কল্পনাও করিনি, তার চেয়েও বেশি অর্জন করেছি। এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।”
বিশ্বকাপের মঞ্চে এটি হতে যাচ্ছে রোনালদোর শেষ অধ্যায়। তাই পর্তুগিজ কিংবদন্তির প্রতিটি ম্যাচই এখন ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আবেগের। শেষ বিশ্বকাপে দলকে কতদূর নিয়ে যেতে পারেন এবং স্বপ্নের ট্রফি স্পর্শ করতে পারেন কি না, সেটিই এখন কোটি ভক্তের অপেক্ষার বিষয়।


