জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের প্রেসিডেন্ট অব দ্য জেনারেল অ্যাসেম্বলির (ওপিজিএ) প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় বাংলাদেশি হিসেবে তার নাম ও পদও উল্লেখ করা হয়েছে।
খলিলুর রহমানের কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা বিভিন্ন দায়িত্বে রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ছয়জন। জাইমা রহমানের দায়িত্ব হবে সভাপতির কার্যালয়ের আইনসংক্রান্ত বিষয়গুলো দেখভাল করা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসের অধীনে কাজ করবেন।
জাইমা রহমানের নিয়োগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তার যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের মতো আন্তর্জাতিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড অনুসরণ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


