জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত কথিত জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
শনিবার দুপুরে ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জ্বলন্ত কাপড় কথিত স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর স্মৃতিস্তম্ভের একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
‘আল-সাদিক হৃদয়’ বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে পড়াশোনা শেষ করে প্রায় চার মাস আগে স্ত্রীসহ মালয়েশিয়ায় যান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এছাড়া তার বাড়ি জামালপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচিতেও তিনি সক্রিয় ছিলেন বলে দাবি করা হয়েছে।


