গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক পান ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার পর দুই সন্তানকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই নারী। এতে তার চার বছর বয়সী বড় ছেলে গুরুতর আহত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন মা ও তার দুই বছর বয়সী ছোট সন্তান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় পানের আড়তসংলগ্ন একটি নির্জন স্থানে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী নারী শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত সোহরাব হোসেন (৩৫) নেত্রকোনা জেলার বাসিন্দা এবং মাওনা চৌরাস্তা এলাকায় পান ব্যবসা করেন।
ভুক্তভোগী নারীর ভাষ্য, প্রায় এক বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। বাসাভাড়া বকেয়া থাকায় মঙ্গলবার দুপুরে জৈনা বাজার এলাকার ভাড়া বাসা থেকে বাড়ির মালিক তাকে বের করে দেন। পরে দুই শিশুসন্তানকে নিয়ে তিনি মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর নিচের ফুটপাতে আশ্রয় নেন।
নারীর অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশ্রয় দেওয়ার কথা বলে সোহরাব তাকে পানের আড়তসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তার দুই শিশুসন্তানের সামনেই তাকে ধর্ষণ করা হয়। সন্তানদের কান্না ও চিৎকার সত্ত্বেও নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাকে সেখানে ফেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলেও অভিযোগ করেন ওই নারী।
পরদিন সকালে তিনি পানের আড়তে গিয়ে কয়েকজন ব্যবসায়ীর কাছে ঘটনার কথা জানান। তার অভিযোগ, গৌতম ও শহীদ নামের দুই পান ব্যবসায়ী তাকে ৫০০ টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে এতে বিচার না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হয়ে দুই সন্তানকে নিয়ে মহাসড়কে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
এ সময় তার চার বছর বয়সী বড় ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মা ও ছোট সন্তান প্রাণে বেঁচে গেলেও এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


