পাবনার সুজানগরে তিন লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর, হত্যাচেষ্টা এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় যুবদল নেতা আব্দুর রাজ্জাক রাজাকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ব্যবসায়ী মোতালেব হোসেনের পক্ষ থেকে মামলাটি করা হয়।
মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাক রাজা উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত রজন আলী প্রামাণিকের ছেলে। তিনি সুজানগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। অভিযোগের শিকার ব্যবসায়ী মোতালেব হোসেনও একই গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি ব্যবসায়ী মোতালেব হোসেনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুর রাজ্জাক রাজা। তবে ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন ব্যবসায়ী।
এরপর গত ২০ সেপ্টেম্বর দুপুরে সুজানগর থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে স্থানীয় জাহানারা-কাঞ্চন বাজার এলাকায় তার গাড়ির গতিরোধ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় এবং তার কাছ থেকে ২৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও মামলায় দাবি করা হয়েছে।
এ ঘটনায় আব্দুর রাজ্জাক রাজাকে প্রধান আসামি করে আরও চারজনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী মোতালেব হোসেনের ভাতিজা মোস্তাক হোসেন।
সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।


