ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নে বাড়ির সামনে থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইউসুফ ফকির (৪৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রোকমান খার ডাঙ্গী গ্রামের একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে নামার পর থেকেই ইউসুফ নিখোঁজ ছিলেন। রাতে থানায় জিডি করা হয়। শুক্রবার তার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরের একটি পাটখেতে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে ছিল। পাশেই একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


