অ্যাপলের সাবেক কর্মকর্তা উইল ওয়াং প্রতিষ্ঠিত চীনা স্মার্ট চশমা নির্মাতা প্রতিষ্ঠান ইভেন রিয়েলিটিজ নতুন বিনিয়োগ পেয়ে ১০০ কোটি মার্কিন ডলার (১ বিলিয়ন ডলার) মূল্যমান অর্জন করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রযুক্তি খাতের ‘ইউনিকর্ন’ কোম্পানির তালিকায় যুক্ত হয়েছে।
সোমবার (৫ জুলাই) প্রতিষ্ঠানটি জানায়, প্রি-সিরিজ বি বিনিয়োগ পর্বে তারা ১৫ কোটি ডলার সংগ্রহ করেছে। এই বিনিয়োগে টেনসেন্ট ও মেইতুয়ানসহ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
২০২৩ সালে প্রতিষ্ঠিত ইভেন রিয়েলিটিজ গত বছর ‘ইভেন জি২’ নামে একটি স্মার্ট চশমা বাজারে আনে। চশমাটিতে কোনো ক্যামেরা নেই, ফলে ব্যবহারকারীর গোপনীয়তা বেশি সুরক্ষিত থাকে। এর লেন্সে থাকা ছোট ডিসপ্লের মাধ্যমে নোটিফিকেশন দেখা, বার্তা পড়া, পথনির্দেশনা পাওয়া এবং তাৎক্ষণিক ভাষান্তর করার সুবিধা পাওয়া যায়।
তাদের অর্ধেকের বেশি গ্রাহক যুক্তরাষ্ট্রে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক স্মার্ট চশমার বাজার ১৬৭ শতাংশ বেড়েছে। বর্তমানে এই বাজারের প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে মেটা।


